স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মধুপুর উপজেলার নরকোনা নামক স্থানে পুলিশ চেক পোস্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ চেক পোস্ট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, এই মহাসড়কে মাঝে মাঝে ডাকাতী ও ধর্ষনের মত ঘটনা ঘটে। যার ফলে একটি পুলিশ চেক পোস্ট খুবই গুরুত্বপূর্ণ ছিলো। তাই চেক পোস্টটি উদ্বোধন করা হলো। আশা করছি এই মহাসড়কে এখন থেকে অপরাধ অনেকটা কমে যাবে। মানুষ নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌছাতে পারবে। সব সময় পুলিশ এখানে তল্লাশি করবে।