
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী লন্ডন স্টুডিওর মালিক আলম ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মির্জাপুর বাজারের কলেজ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গত (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত এ উপজেলা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আলম ওই ঘটনার সঙ্গে জড়িত বলে মামলার তদন্তে পাওয়া গেছে। তাকে টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






