
স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীর ও কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ মার্চ) উপজেলার লৌহজং নদীর বহুরিয়া ও ওয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর এলাকায় কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম।
জরিমানার বিষয়ে নিশ্চিত করেন ইউএনও এ বি এম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি চক্র লৌহজং নদীর বহুরিয়া এলাকায় ও ওয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর এলাকার কৃষি জমি থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ডাম্প ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নদীতীর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় বহুরিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে রুবেল আলী ও খৈলসিন্দুর গ্রাম থেকে ওয়ার্শী ইউনিয়নের কাউয়ালীপাড়ার মতিউর রহমানের ছেলে নাঈম হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবেলকে ২ লাখ ও নাঈমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।






