
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে। সেতুটি চালু হওয়ার পর গত ২৭ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে।
যমুনা সেতুর টোল প্লাজা সূত্র জানায়, বুধবার (৪ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এর মধ্য দিয়ে যমুনা সেতু যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
এর মধ্যে উত্তরবঙ্গের দিকে গেছে ৪৩ হাজার ৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ঢাকার দিকে গেছে ২১ হাজার ২৮০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।
শুক্রবার (৬ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের (১৪ জুন) রাত ১২টা থেকে (১৫ জুন) রাত ১২টা পর্যন্ত টোল আদায়ে রেকর্ড হয়েছিল। ওই সময় টোল আদায় হয়েছিল ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। যানবাহন পারাপার হয়েছিল ৫৩ হাজার ৭০৮টি।

এর আগে বিগত ২০২৩ সালের (২৭ জুন) রাত ১২টা থেকে (২৮ জুন) রাত ১২টা পর্যন্ত যানবাহন পারাপারের রেকর্ড হয়। সে সময় ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছিল। এতে টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে এবার তিনগুণ বেশি যানবাহন চলাচল করছে।






