
সোহেল রানা, কালিহাতী ॥
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ শপথ পাঠের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, জুলাই আন্দোলনে আহত মোসলেম উদ্দিন ও জুলাই যুদ্ধা রাসেল ও আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং সমাজ থেকে বৈষম্য, নির্যাতন ও অন্যায় দূর করতে সম্মিলিতভাবে কাজ করার শপথ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






