
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী হিসেবে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার আব্দুস সালামের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওড়া গ্রামে।
নিজেকে স্বচ্ছ ও ক্লিন ইমেজের একজন পেশাজীবি নেতা দাবি করে বলেন, বিএনপির দুঃসময়ে তিনি বহির্বিশ্বে থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সঙ্গে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের অননুমোদিত কমিটির নির্বাচিত জিএস ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান ছিলেন, বিএনপির পেশাজীবি সংগঠন (এ্যাব) এর সাবেক সহসভাপতি, দুবাইতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশের চেয়ারম্যান। নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে এ নেতা বলেন, বিগত দিনে দেশের বাইরে থেকে বিএনপির রাজনীতির আন্দোলন সংগ্রামে যে কয়েকজন নেতা উল্লেখ যোগ্য ভূমি রেখেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। যে কারণে প্রবাসী নেতা হিসেবে তাকে দল অবশ্যই মূল্যায়ন করবেন বলে তিনি বিশ্বাস করেন।
তারেক রহমান ঘোষিত ৩১ দফাসহ রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড নিয়ে তিনি মাঠে থাকবেন। তাঁর এ কর্মকান্ড মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশের বাইরের মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, এসএম এরশাদ মিঞা, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধক্ষ্য শিলা আক্তার, সদস্য জুবায়ের হোসেন, ছানোয়ার হোসেন, এনটিভি অনলাইন প্রতিনিধি নাইম খান রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।






