
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, আজ আওয়ামী লীগ নেই, তবে এখনও তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর পাঁচ মাস ক্ষমতায় থাকলে আমি বেঁচে থাকতাম না। গত ১৭ বছরে অসংখ্য মানুষ মারা গেছে তার নিপীড়নে। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের দলেও কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক প্রবেশ করেছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম রফিকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্র রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে, দেশে মাদক ঢুকিয়ে যুব সমাজসহ দেশটাকে নষ্ট করেছে।
স্মরন সভায় টাঙ্গাইল জেলা কৃষকদলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এরআগে দুপুরে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।






