
নুর আলম, গোপালপুর ॥
সবাইকে ছেড়ে প্রবাসে পাড়ি জমানোর কথা থাকলেও, না ফেরার দেশে পাড়ি জমালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আজমত। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা খরচ করে শ্রমিক ভিসায় কুয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শুক্রবার (২৯ আগস্ট) সকালে তার ফ্লাইটের কথা ছিল। কিন্তু ফ্লাইটের আগের দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।
অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে আজমত বাবা-মা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে জানাজা শেষে তাকে মাঝপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।






