
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরদের বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরে সদর মডেল থানার পাশে ছয়আনী বাজারে রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়।
জানা গেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর মডেল থানার পাশে ছয়আনী বাজার রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিসের সামনে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করেন। তালাবদ্ধ অফিসের সার্টার ভেঙ্গে একপর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আমি টাঙ্গাইলের বাইরে আছি। আমাদের অফিস ভাংচুরের বিষয়টি আমাকে আমার দলের নেতাকর্মীরা মুঠো ফোনে জানিয়েছেন। আমি টাঙ্গাইল এসে দলের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করবো। এছাড়া দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় তিনি তাদের দলীয় কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। বর্তমানে জেলা জাতীয় পার্টির অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।






