স্টাফ রিপোর্টার, কালিহাতী ।। টাঙ্গাইলের কালিহাতীতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং কালিহাতী পৌরসভার সহযোগিতায় উপজেলা কনফারেন্স রুমে দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩১আগস্ট ও ১লা সেপ্টেম্বর দুইদিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উক্ত প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সেক মুহাম্মদ ফরিদ, সহকারী প্রকৌশলী এস এম শাহিন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ গাজিউর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, পৌর এলাকায় সেপটিক ট্যাংক থেকে মানববর্জ্য খোলা ড্রেনে ফেলার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা রোগাক্রান্ত হচ্ছে বেশি এর থেকে পরিত্রাণে মানববর্জ্য ব্যবস্থাপনার জন্য সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে।
বক্তারা আরও বলেন, সুস্থ ও পরিচ্ছন্ন নগর জীবন গড়ে তুলতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ মানববর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। এ প্রকল্পের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে এবং এ কর্মশালার মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে। পরবর্তীতে এর সুফল পৌরবাসী সরাসরি ভোগ করবে।