
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে বিবেচিত প্রার্থীরা শতভাগ স্বচ্ছতার সাথে শুধুমাত্র ১২০ টাকা পোষ্টাল অর্ডার জমা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে তারা বিবেচিত হয়েছেন। ৫০ জনকে মেধা তালিকায় চুড়ান্ত করা হয়েছে। এছাড়া ১০ জনকে অপেক্ষমান হিসেবে নেয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ টাঙ্গাইল জেলা হতে আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরুষ ৩০৭৩ জন ও নারী ২৩৯ জনসহ মোট ৩৩১২ জন প্রার্থীকে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে বাছাই করা হয়। গত (১০ আগস্ট) শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুরুষ ১৫০৩ জন ও নারী ৪৮ জনসহ মোট ১৫৫১ জনকে প্রার্থী যোগ্য বিবেচিত করা হয়।
গত (১১ আগস্ট) ১৫৫১ জন প্রার্থীর মধ্যে শারীরিক সহনশীলতা পরীক্ষায় পুরুষ ১২১৩ জন ও নারী ৪১ জনসহ মোট ১২৫৪ জন প্রার্থী যোগ্য বিবেচিত হয়। এরপর গত (১২ আগস্ট) শারীরিক সহনশীলতা পরীক্ষায় পুরুষ ৭২৮ জন ও নারী ৩৯ জনসহ মোট ৭৬৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়।
এরপর গত (২৩ আগস্ট) লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত ৭৬৭ প্রার্থীর মধ্যে পুরুষ ৭১৯ ও নারী ৩৮ জনসহ সর্বমোট ৭৫৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য হন। এছাড়া ১০ জন অপেক্ষমান হিসেবে বিবেচিত বলে ফলাফল ঘোষণা করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শতভাগ স্বচ্ছতার সাথে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার পর ফলাফল ঘোষণা করা হয়েছে।






