
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক দুই স্থানে পালন করেছে দলের দুই গ্রুপ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
কালিহাতী সদরে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর সাবেক পৌর মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপি সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) এর সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. শাহ আলম তালুকদার, পেশাজীবী নেতা ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক কৃষিবিদ এসএম এ খালিদ।

অপরদিকে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতীর এলেঙ্গায় সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক। সেখানে বক্তারা দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
দুই স্থানে অনুষ্ঠিত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা ছিল উৎসবমুখর। তবে উপজেলা বিএনপির বিভক্তির চিত্র আবারও প্রকটভাবে প্রকাশ পেলেও উভয় পক্ষই দলের প্রতি অনুগত থেকে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।






