
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের উপর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে একটি মালবাহী ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে এলেঙ্গা হাইওয়ে পুলিশ রেকারের মাধ্যমে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে দীর্ঘ তিন ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের উপর দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত রয়েছে। বিকল ট্রাকটি ওই গর্তে পড়ে এস্কেল ভেঙে যায়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান জানান, বিকল হওয়া ট্রাকটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ব্রিজের জরাজীর্ণ অবস্থা ও গর্তের কারণে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। তারা দ্রুত সংস্কার অথবা ব্রিজটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।






