স্টাফ রিপোর্টার ।। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে। এ সময় সঙ্গে তার কন্যা ছিলো। আজাদ সিদ্দিকী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আজাদ সিদ্দিকী একটি এয়ারলাইন্সের সকাল ১০টার ফ্লাইটে কন্যাসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। পরে ইমিগ্রেশনে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
আজাদ সিদ্দিকীর পারিবারিক সুত্র জানিয়েছেন, আজাদ সিদ্দিকী তার মেয়ের চিকিৎসার জন্য শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন।