স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় কাদের সিদ্দিকীর পিএস লিখিতভাবে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। টাঙ্গাইল শহরে কবি নজরুল স্বরণি সড়কে অবস্থিত কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলা নামের ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির চার তলায় কাদের সিদ্দিকীর বাসা।
কাদের সিদ্দিকীর বাসার কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কাদের সিদ্দিকী নিজ বাসার ঘরে ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় কাদের সিদ্দিকীর বাসার শুধু জানালার কাঁচ এবং নিচে পার্কিং এ থাকা দুইটি গাড়ির কাঁচ ভেঙেছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কোনো আহত হওয়ার ঘটনা নেই। কাদের সিদ্দিকীর পিএস লিখিত অভিযান দিয়েছেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। মামলা নেওয়া হবে কী না পরে জানানো হবে।