
স্টাফ রিপোর্টার ॥
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর টাঙ্গাইলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে তালিকাভুক্ত (রেকর্ড) করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জিডির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ।
লিখিত অভিযোগের বাদী হয়েছেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফরিদ আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, জিডি নয়, এজাহারভুক্তির জন্য লিখিত অভিযোগটি রোববার (৭ সেপ্টেম্বর) থানায় জমা দেন। কিন্তু অভিযোগটিতে ত্রুটি থাকায় তা সংশোধন করে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আবার জমা দেয়া হয়েছে।
এ অভিযোগে তিনি অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনকে আসামি হিসেবে উল্লেখ করেছেন।
লিখিত অভিযোগটিকে মামলা হিসেবে না নেওয়ার কারণ জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, জিডির বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের কবি নজরুল স্বরণি সড়কে অবস্থিত কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।






