
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদীর ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন।
এ সময় ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন বলেন, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযোন পরিচালনা করা হয়।
এ সময় উত্তোলকৃত বালু নৌকাযোগে নিয়ে যাওয়ার সময় বালু ব্যবসায়ী আব্দুল বারেককে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।






