
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মধুপুরে অটো চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম রাসেল (৩৫)। তার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)ভোর সাড়ে ৩ টার দিকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)ভোর রাত সাড়ে ৩ টার দিকে মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামের জসিমের বাড়িতে মোটরসাইকেল যোগে ৩ জন যুবক অটো চুরি করতে যায়। পরে বিষয়টি স্থানীয়রা টের পেলে দুইজন পালিয়ে যায়। এসময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।






