
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ছিনতাইকারী চক্রের সক্রিয় পলাতক সদস্য আলহাজ্ব আকন্দ (২৬) গ্রেপ্তার হয়েছে। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যম্পের একটি টিম শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী বেলাল হোসেন (৪৩) এর ছেলে ভিকটিম নাজমুল হোসেন (২৩) গত (২ আগস্ট) ভোর পৌনে ৫ টায় নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার পথে ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে কালিহাতি উপজেলার হিজুলি গ্রামে নবনির্মিত মসজিদের সামনে পৌছায়। এ সময় অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ২ টি মোটরসাইকেলে করে ভিকটিমের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুভয় দেখিয়ে নগদ ১০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছু সময় পরে উক্ত ছিনতাইকারীরা একই কায়দায় আঃ মান্নান (৪৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে স্থানীয় জনগনের সহায়তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আসামিদের আটক করার চেষ্টা করলে ১ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালিহাতি থানায় একটি দস্যুতা মামলা দায়ের করে। উক্ত মামলা দায়ের হওয়ার পর র্যাব-১৪ ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এর প্রেক্ষিতে, সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ধৃত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাই মামলার এজাহারভুক্ত সক্রিয় পলাতক সদস্য আলহাজ্ব আকন্দকে (২৬) গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এ মামলার এজাহারভুক্ত আরেক আসামি সুমনকে (২২) গত (৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর হাজেরাঘাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।






