
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহনে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ী হাটখোলা খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।স্থানীয় সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ অন্যরা উপস্থিত ছিলেন। হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। প্রতিযোগিতায় দুই দলের সাতজন করে ১৪ জন বিভিন্ন বয়সীর দৃষ্টি প্রতিবন্ধী অংশ নেন।
দর্শনার্থীরা বলেন ‘মাঝে-মধ্যে যদি এমন খেলা হতো তাহলে যুব সমাজের অনেক ভালো হতো। তারা মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহ হতো। সাধারণতো আমরা সুস্থ মানুষের হা-ডু-ডু খেলা দেখি। আজকে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা দেখে খুব ভালো লেগেছে। প্রতি বছরই এমন খেলা হলে মানুষ আনন্দ উপভোগ করতে পারতো।
খেলায় অংশ নেয়া দৃষ্টি প্রতিবন্ধী শওকত সিকদার বলেন, আমি ২০ বছর ধরে হা-ডু-ডু খেলায় অংশ গ্রহণ করছি। আমরা টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে অংশ গ্রহণ করে থাকি। এ খেলা আমাদের কাছে অনেক ভালো লাগে।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত গঠনের লক্ষে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবহেলিত নয় তারা আজকে প্রমাণ করছে। এমন আয়োজনে অনেকদিন পর গ্রামের মানুষ উপভোগ করতে পেরেছে। যুব সমাজ যাতে কোন অন্যায়ের পদে না যায় এজন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।






