স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম আব্দুল জলিল। তার বাড়ি ভূঞাপুর উপজেলার টেঁপিবাড়ি গ্রামে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আব্দুল জলিল ট্রেন লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন ধান ক্ষেতে সার দিতে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনটি টেঁপিবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনে সে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ভূঞাপুর স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।