
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলোচিত ডাকাতির ঘটনার মূলহোতা রাসেল পারভেজ স্বাধীন (৩৪) গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ভাঙ্গারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ। সে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সেকান্দরের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গত (১৮ জানুয়ারি) রাতে বাগবাড়ি গ্রামের দুলাল মেম্বারের বাড়িতে ডাকাতি করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। ওই রাতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ৮ ভরি রুপা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন (১৯ জানুয়ারি) ভূক্তভোগী দুলাল মেম্বার ভূঞাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
ভুক্তভোগী দুলালের ছেলে বেনজির ইসলাম রেসি সাংবাদিকদের বলেন, খুবই ভয়ানক ভাবে ফিল্মি স্টাইলে আমাদের বাড়িতে ডাকাতি করে। পরে পুলিশ চার জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে মূলহোতা আমাদের এলাকার স্বাধীন মাষ্টার। ডাকাতির মামলা তোলার জন্য সে আমাদের কে ফোনে হুমকি দিত প্রতিনিয়ত। পরে আজকে স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, এই ঘটনায় জড়িত চার জনকে এর আগে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। তাদের দেয়া তথ্য মতে ঘটনার মূল হোতা স্বাধীন মাষ্টারকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।






