মমিনুল হক ॥
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। বিএনপি নির্বাচিত হলে, স্কুল কলেজ, রাস্তা ঘাট, মাদ্রাসা, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ী কুমুল্লী এলাকা জনগনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সালাউদ্দিন টুকু বলেন, খড়া মৌসুমে পানি না পাওয়ায় জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করেছেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অনেক উপকার হয়েছিলো। তারেক রহমানও বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে খাল খননের কর্মসূচি হাতে নেয়া হবে।
তিনি আরও বলেন, নারীদের সম্মানিত করতে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। সবার বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। সেই ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে, যাতে সংসার চালাতে সুবিধা হয়। বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে টাঙ্গাইলের উন্নয়ন করা হবে। নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।
ডা. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসানসহ অন্যরা। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।