
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সরকারি জমিতে গড়ে ওঠা অনুমোদনহীন “পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” এবং এর আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক রাজিব হোসেন। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
ভূঞাপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে ভবনটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় এবং সেখানে নিয়মিত মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন তৎপর হয় এবং অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এছাড়াও অভিযানের সময় শুধুমাত্র বন্ধ থাকা বিদ্যালয় ভবনটি নয়, এর আশপাশের অন্যান্য অবৈধ স্থাপনাও ভেঙে ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে এলাকাটি অপরাধমুক্ত হবে বলে আশা করছেন তারা।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক রাজিব হোসেন বলেন, প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না এবং জায়গাটি সরকারি খাসজমি। একাধিকবার নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ যৌথভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।






