স্টাফ রিপোর্টার ॥
বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে "ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গর্জে উঠুক আরেকবার" স্লোগানে টাঙ্গাইলে লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছে ডিপ্লোমাধারীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কারিগরি ছাত্র আন্দোলন ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের শিক্ষার্থীরা ও বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা মিছিল সহকারে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হন। এ সময় তারা সড়ক অবরোধ করে দাবী আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, শিক্ষার্থী রজমান শেখসহ অন্যরা ।
এ সময় জেলা আইডিইবির সভাপতি কাজী জাকেরুল মওলা, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানা, শিক্ষা প্রকৌশল এর সহকারী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, এলজিইডি সহকারী প্রকৌশলী মান্নান, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মনির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি।