
নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৪ টন খাদ্য শস্য কোনো কাজেই আসেনি। বরং সবই জলে গেছে। এতে অপচয় হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
জানা যায়, দেলদুয়ার উপজেলা সদরের দেলদুয়ার অডিটরিয়ামের সামনে খালের পাড় সংস্কার করার জন্য কাবিখা প্রকল্পের আওতায় ৪টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়। যার বাজার মূল্য কমপক্ষে ১ লক্ষ ৬০ হাজার টাকা। নাম মাত্র কয়েক ট্রাক মাটি ফেলে সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এদিকে প্রকল্পের সিংহভাগ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে দেলদুয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রওশন করিমের বিরুদ্ধে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রওশন করিম বলেন, বরাদ্দের ৪ টন খাদ্য শস্যের টাকায় যে পরিমান মাটি পাওয়া যায় তা ফেলে খালের পাড় সংস্কার করা হয়েছে। আমার কাছে ট্রাকের স্লিপ জমা আছে। অফিসে এসে দেখে যেতে পারেন। প্রকল্প সভাপতির নাম পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেই।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, আমি এই উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছি। বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।






