
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকারি রাস্তা দখল করে জনদূর্ভোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুমোদন না নিয়ে বালু ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
এ অভিযানে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের একটি ঘটনার সঙ্গে জড়িত একটি ড্রেজার মেশিন ও আনুমানিক ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, সরকারি রাস্তা, খেলার মাঠ, পার্ক বা জনসমাগমের স্থানে বালু স্তুপ বা ব্যবসা জনদূর্ভোগ সৃষ্টি করে এবং আইনবিরোধী। ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুমোদন সংগ্রহ করে আইন মেনে বালু ব্যবসা পরিচালনা করবেন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে স্থানীয়দের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।






