
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। সখীপুরের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শামসুন নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সখীপুর পৌর শহরের কাঁচা বাজার সড়কে ও গার্লস স্কুল সড়কের মেসার্স অনন্ত সুব্রত স্টোরকে ২ হাজার টাকা, সাহা স্টোরকে ৩ হাজার টাকা, ভাই ভাই স্যানেটারিকে ৩ হাজার টাকা, নুপুর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, শশী জেনারেল স্টোরকে ২ হাজার টাকা, সাদিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও মেসার্স আল ফাহাদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।






