
সোহেল রানা, কালিহাতী ॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে টাঙ্গাইলের কালিহাতীতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, কালিহাতী পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রদীপ ব্যানার্জী নীরু ও সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলেও এটি আজ বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা জরুরি। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীও মাঠে থাকবে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও আলোর ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ পূজা মণ্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তা জোরদারের দাবি জানান। আগামী (২৭ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে আগামী (২ অক্টোবর) দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, এ বছর কালিহাতী উপজেলায় প্রায় ১৬৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।






