
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্র সামনে এগোবে না। দেশ উন্নয়নের পথে যেতে পারবে না। দেশের অর্থনীতির চাকা, যেমন এখন চলছে, তাতে বেশিদূর এগোনো যাবে না। এই চাকা সচল হবে না, দেশ সমৃদ্ধির পথে যেতে পারবে না। তাই আমি মনে করি, যে দুই-একটি দল পিআরের কথা বলছে বা নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা ফন্দি করছে তারা সঠিক পথ দেখাচ্ছে না। দেশের স্বার্থে তাদের নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআরের ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র ও নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন যারা পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে নির্বাচন) নিয়ে আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভন্ডুল করতে চায়, তারা দেশের অশুভ শক্তি। এরা অগণতান্ত্রিক শক্তি, যারা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। এদের সম্পর্কে পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান ও আজিজুল ইসলাম বিজয়সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।






