
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে র্যাবের অভিযানে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলার আসামী মোঃ রবিউল ইসলাম (২৫) গ্রেপ্তার হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন গজিয়াবাড়ি এলাকায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসপি, র্যাব-১৩, রংপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট জেলার সদর থানায় ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (১৭) দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। ধৃত অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম (২৫) নানার বাড়িতে থেকে পড়াশুনা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো। ভুক্তভোগীসহ তার সহপাঠীরা গত বছর যাবৎ ধৃত অভিযুক্তের কাছে প্রাইভেট পড়তে যেতো। প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্র ছাত্রীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে তার কাছে রেখে প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করে। যার প্রেক্ষিতে ভিকটিম ৩ মাস ২৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। গত ১৭ জুন ২০২৫ তারিখ সকালে ধৃত আসামী কিছুদিনের মধ্যে বিবাহ করার কথা বলে পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ১৬ জুলাই লালমনিরহাট জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসপি, র্যাব-১৩, রংপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ি এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।






