
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ৪৩ ঘন্টা পর তিতাস গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে। প্রধান সঞ্চালন লাইনের ফেটে যাওয়া পাইপ মেরামত করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপে খননযন্ত্রের আঘাত লাগে। এতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পাশাপাশি লাইন মেরামতের জন্য লোকজন আসেন। গ্যাস সংযোগ বন্ধ থাকায় মির্জাপুরের সোহাগপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকার দুই হাজার আবাসিক গ্রাহককে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন মারাত্মক ব্যাহত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, ফেটে যাওয়া লোহার পাইপটি উচ্চ ক্ষমতা সম্পন্ন। পাইপটি মাটির অন্তত: ৩০ ফুট নিচে অবস্থিত। মসজিদের পাইলিং করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাইপটি ফাটিয়ে ফেলেছেন। ওই স্থানে গ্যাস লাইনের পাইপ রয়েছে বিষয়টি সবাই জানা স্বত্বেও তাদের কাজের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে জানায়নি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গাজীপুরের চন্দ্রা এলাকার ব্যবস্থাপক কাউছারুল ইসলাম জানান, পাইপ ফেটে যাওয়ায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।






