
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরে গোসল করতে নেমে লৌহজং নদীতে ডুবে মেহেদী হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন শিশু আদিব (১০) নিখোঁজ রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া (কাগমারা) টাঙ্গাইল স্টেডিয়ামের পিছনে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান (৮) টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুরপাড়ার শফিকুরের ছেলে। আর নিখোঁজ আদিব (১০) একই এলাকার আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন লৌহজং নদীতে মাছ ধরত শিশুরা। পরে তারা নদীতে গোসল করতো। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মাছ ধরা শেষে তিন শিশু স্টেডিয়াম ব্রিজের নিচে গোসলে নামে। এ সময় পানিতে প্রচণ্ড স্রোত থাকায় দুজন তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, ডুবুরি দল এক শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল ও নিহত এবং নিখোঁজ শিশুর বাড়ি যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শিশু দুটির পরিবারকে সান্ত্বনা প্রদান করেন। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






