
গোপালপুর সংবাদদাতা ॥
আইনি ভিত্তিসহ জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের সুতী গোরস্থান কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে গোপালপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশের বক্তব্য পেশ করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডঃ মুহাম্মদ আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ প্রমুখ। সমাবেশে উপজেলা এবং ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






