
স্টাফ রিপোর্টার ॥
শারদীয় দুর্গোৎসবে নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সদর উপজেলা ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি দুইটি উপজেলার প্রত্যন্ত এলাকার দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা মণ্ডপ ও এর আশপাশের এলাকায় নেয়া নিরাপত্তামুলক ব্যবস্থার খোঁজ খবর নেন। নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও টাঙ্গাইল জেলা ও পুলিশ প্রশাসন সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের লোকজনের সাথে পূজাসহ সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, সকল অংশীজনদের সাথে নিয়ে সমগ্র জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপনে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






