স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ স্বাভাবিক হয়েছে। মেরামত কাজ শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ পুরোদমে শুরু হয়। টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে আগুন ধরে যায়। এর ফলে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
গ্যাস লাইন ফেটে যাওয়ার কারণ প্রসঙ্গে তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, বিদ্যুতের খুঁটির চাপের জন্যেই গ্যাসের লাইন ফেটে যায়। গ্যাস লাইনের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
তিতাস গ্যাস অফিস সূত্র জানিয়েছেন, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিদ্যুতের খুঁটি সরানো হয় এবং এরপর ৪-৫ ঘণ্টা মেরামতের কাজ শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।