
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে সাপের কামড়ে নাসির উদ্দিন (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আটিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নাসির ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, মাছ ধরার জালে বিষধর সাপ আটকে যায়। সাপটি ছাড়ানোর চেষ্টা করলে নাসিরকে কামড়ে দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাকে এন্টিভেনম দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে নাসিরের মৃত্যু হয়।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাপে কাটা রোগীকে নিয়ে জরুরী বিভাগে আসে। ১০টা ৪৭ মিনিটে তাকে অন্তঃ বিভাগে ভর্তি করা হয়। রোগীর অবস্থা পর্যাবেক্ষণ করে তাকে এন্টিভেনম দেয়া হয়।
তার অবস্থার উন্নতি না হওয়ায় ওই রোগীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে জানতে পেরেছি ঝার-ফুকের উপর বিশ্বাস করে রোগীর অবস্থা সংকটাপন্ন করে হাসপাতালে আনা হয়েছিলো।






