
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, অনেক কুচক্রী মহলের পরিকল্পনা ছিল, প্রতিটি ফেল করেছে। গতবার প্রচুর গুজব ছিল, এবার গুজব হয়নি। এবার ব্যবস্থাপনা অনেক শক্তিশালী ছিল। ফ্যাক্টচেকের মাধ্যমে অনেক কিছুই বের করা যাচ্ছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজায় আনসার সদস্যরা দুই লাখের বেশি মণ্ডপে দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ধারা যদি চলমান থাকে তাহলে আগামীতে যে চ্যালেঞ্জ মনে করছি সে চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে পারবো। আনসারের প্রায় ৬০ লাখ সদস্য রয়েছে। এই ৬০ লাখ সদস্যকে তাদের জীবন জীবিকার মান উন্নয়নে আনসার উন্নয়ন ব্যাংক ভূমিকা রাখবে।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা বিভাগের উপ-মহাপরিচালক আশরাফুল আলম, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, আনসারের জেলা কমান্ডেন্ট রেজাউল ইসলামসহ মির্জাপুর কমুদিনী কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






