
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা ভিড় করেন। অনেকে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানান। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের পর থেকে জেলার বিভিন্ন নদীসহ পুকুরে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। এদিকে বিকেল থেকে টাঙ্গাইল শহরে পদ্মমনি পুকুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকার মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন চলছে। এ সময় ধর্মীয় আচার, অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা প্রতিমা বিসর্জন দিচ্ছেন।
এদিকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার এবং স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছে।
প্রতিমা বিসর্জনের আগে বিভিন্ন মন্দিরগুলোতে চলে সিঁদুর খেলা। ধর্মীয় আবেগ আর উৎসবমুখর পরিবেশে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পড়িয়ে দেন। একই সঙ্গে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যে বিষাদের সুর বেজে ওঠে পূজা মণ্ডপগুলোতে।
টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, এবার জেলায় ১ হাজার ২৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মণ্ডপেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।






