
স্টাফ রিপোর্টার ॥
শারদীয় দুর্গোসবের নবমীর দিনে অন্তর্র্বতী সরকারের তিন উপদেষ্টাসহ বরেণ্য ব্যক্তি ও রাষ্ট্রদূতেরা টাঙ্গাইলের মির্জাপুর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে আসেন।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পৌনে পাঁচটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বিকেল পাঁচটায় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মির্জাপুর কুমুদিনী চত্বরে পৌঁছান।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম তাঁদের স্বাগত জানান। পুলিশের চৌকস দল তাঁদের গার্ড অব অনার দেন। এরপর তাঁরা কুমুদিনী চত্বর ঘুরে দেখেন।
এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালও রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সন্ধ্যা পৌনে সাতটায় পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি শুরু হয়।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ডেপুটি হাইকমিশনার জেমস্ গোল্ডমা, অভিনেত্রী আফসানা মিমিসহ অতিথিরা আরতি উপভোগ করেন।






