
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তিন কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরীরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নিখোঁজ হওয়া এই তিন কিশোরী। পরে শনিবার (৪ অক্টোবর) দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) পর্যন্ত তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক জানে আলম সাংবাদিকদের বলেন, নদীতে নিখোঁজের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। যে পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া না যায় উদ্ধার কাজ চলমান থাকবে।






