
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর টোল প্লাজার সামনে ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল অংশে সেতুর টোল প্লাজারের সামনে এই ঘটনা ঘটেছে বলে ওই ভিডিওতে দাবি করা হচ্ছে। এতে করে মহাসড়কে চলাচলকারীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ দাবী করেছে, এটি মিথ্যা এবং আতঙ্ক ছড়ানোর জন্য একটি গুজব।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘চার পাশে লোক থাকলেও কেউ কিছু বলছে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় থাকছে। যেখানে ডাকাতরা স্বাধীন জনগণ বন্দী। বাংলার মানুষ জেগে ওঠো। অন্যায়ের প্রতিবাদ হোক সর্বত্র।’
তবে পুলিশের দাবি, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার জুড়ে কোনো আইল্যান্ড নাই।
যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল সাংবাদিকদের বলেছেন, টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজুলেশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার ভিডিও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, ডাকাতির ঘটনায় আমারা জিরো টলারেন্স। এ ঘটনা টাঙ্গাইলের নয়। এছাড়া গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের অ্যাকটিভ সিসি ক্যামেরা রয়েছে।






