
মোমিনুল হক ॥
তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (৬ অক্টোবর) সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ হাটে জনগনের মাঝে সালাউদ্দিন টুকুর পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক। এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাজ্জাদ কবির সুমন, ঘারিন্দা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন মন্ডল প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে আমরা তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এসেছি। এই ৩১ দফার মাধ্যমেই জনগণ জানাতে পারবে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে। জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে। সরকারের মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি টাকায় চলাফেরা করবে তাদেরকেও জবাবদিহি করতে হবে। ৩১ দফার মধ্যে সবকিছুই রয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশে সুশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে এবং সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে।






