
স্টাফ রিপোর্টার ॥
আজ সোমবার (৬ অক্টোবর) ধন, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা।। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সনাতনী হিন্দুরা এ দেবীর পূজা করে থাকেন। টাঙ্গাইলে আজ দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন মন্দির ও বাসা-বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে দেবী লক্ষ্মীর বিশেষ পূজা। লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ভক্তিগীতি ও প্রার্থনার। ভক্তরা এদিন প্রদীপ প্রজ্জ্বলন, আলপনা অঙ্কন ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীরা আধ্যাত্মিক অনুপ্রেরণা ও পার্থিব কল্যাণের প্রত্যাশায় এ পূজায় অংশ নিচ্ছেন।
পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা শুরু হয়েছে সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটে এবং শেষ হবে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধন-সম্পদ পূর্ণ করার জন্য উপস্থিত হন। যদি দেবী সন্তুষ্ট থাকেন, তবে সংসারে অর্থকষ্ট থাকে না এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
এ পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা নামেও ডাকা হয়। কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন কে জাগছে। তাই এ পূজায় রাত জেগে পূজা ও প্রার্থনার প্রথা রয়েছে।






