মোমিনুল হক ॥
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়।
ঘারিন্দা ইউনিয়নের সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারুটিয়া দাখিল মাদ্রাসা, আওলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান ফরমান ইকবালসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, দেশের মানুষ পাল্টে গেছে। এবার মানুষ খুশি মনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবে। এখন ভোটাররা সবাই জবাবদিহিতা চায়। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে। সরকারের মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি টাকায় চলাফেরা করবে তাদেরকেও জবাবদিহি করতে হবে। ৩১ দফার মধ্যে সবকিছুই রয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশে সুশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে এবং সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষকরা ইচ্ছে করলে দেশের পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরে দেশের জনমত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা।