
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের অভিজাত শপিং মল ‘সাত্তার শপিং মলে’ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা সদর রোডে অবস্থিত টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাত্তার শপিং মলে এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া বুধবার (৮ অক্টোবর) রাতে শহরের রাবনা বাইপাস এলাকায় অবস্থিত তাহের পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। পাম্পের এলপিজি গ্যাস বাসা বাড়ির সিলিন্ডারে দেওয়ার অভিযোগে ওই পাম্পকে জরিমানা করা হয়।
অভিযান দুটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
অভিযানে সাত্তার শপিং মলে ভেজাল কসমেটিকস, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্য তালিকা না রাখায় ১ লাখ টাকা ও তাহের পেট্রোল পাম্পকে ২ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাত্তার শপিং মলকে সতর্ক করা হয়েছে এবং ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পুণরায় এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তাহের ফিলিং স্টেশনকে এ ধরনের নিয়ম বহির্ভূত কাজ না করতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, আমরা টাঙ্গাইলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিং মলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।






