
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর ও গোপালপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর এলাকার যমুনা নদীতে এবং গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজার নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। গোপালপুর উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকালে নদী থেকে ৫ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। অভিযানে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া নদী তীরবর্তী গ্রামগুলোর জেলে সম্প্রদায় ও গ্রামবাসীর সাথে মা ইলিশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় এবং নিষিদ্ধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করা হয়।
মা ইলিশ সংরক্ষণের এ অভিযান আগামী (২৫ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে সকল সচেতন নাগরিককে মা ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।






