স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারের পক্ষে তার সমর্থিতরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে পুণরায় নাল্লাপাড়ায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় তার সমর্থকরা বিএনপি ও তারেক রহমানের পক্ষে স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকার বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই আমাদের টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে মনোনয়ন দিবেন।
এ সময় তিনি আরও বলেন, দলের প্রতি বিশ্বাস নিয়ে আমরা মাঠে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার একমাত্র উৎস।