
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আওলাতৈল ডি.আই. দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর।
এ সময় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রাক্তন সুপার নেক্কব হোসাইন, কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ফরহাদুজ্জামান, প্রাক্তন শিক্ষক হাবিবউল্লাহ বাহার, বিদ্যুৎসাহী সদস্য হারুন-অর রশিদ, অভিভাবক আমিনুল ইসলাম, প্রাক্তন ছাত্র জমশের, দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অত্র মাদ্রাসার সুপার এস এম কামরুজ্জামান।
অত্র মাদ্রাসা সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম রতন এ সময় বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে মাদ্রাসার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।






