
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চলতি বছর এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে যমজ দুই বোন রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি জিপিএ-৫ পেয়েছে। ঢাকা উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজ থেকে যমজ দুই বোন জিপিএ-৫ পায়।
যমজ এই দুই বোন বিগত ২০২৩ সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছিল।
রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথির বাড়ি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। তারা ব্যবসায়ী কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। তারা দু’জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।
কামরুজ্জামান মুঠোফোনে বলেন, মেয়েদের এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই বেশ আনন্দিত। আমি আমাদের মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি।
যমজ বোন রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি বলেন, আমাদের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, মা-বাবা, নানা-নানির অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
কথা ও মিথির নানা ভাতগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী বলেন, আমার যমজ দুুই নাতনি খুবই শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের সাফল্য পরিবারের সবাইকে মুগ্ধ করেছে। তারা লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে। তারা ভবিষ্যতে নিজেদের দেশ সেবায় নিয়োজিত রাখার লক্ষ্যে লেখাপড়া করছে।






